



বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ প্রতিবন্ধী শিশু চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ও প্রাণবন্ত শিশু সমাবেশ। ‘শিশুর ভবিষৎ হোক সুরক্ষিত’—এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ই অক্টোবর বিশ্ব শিশু দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভালোবাসা, স্নেহ এবং চিকিৎসা-পুনর্বাসনের বিশেষ বার্তা পৌঁছে দিতে এই উৎসবমুখর সমাবেশের আয়োজন করা হয়। উদ্বোধনী বক্তব্যে শিশু কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বলেন, “প্রতিটি শিশু আল্লাহর অনুপম সৃষ্টি। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের অনবদ্য অংশ। ওদের সঠিক চিকিৎসা, আধুনিক পুনর্বাসন, ভালোবাসা এবং সমান সুযোগ প্রদান করলে ওরাও দেশের সম্ভাবনাময় ও গর্বিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।”
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ১৯৫৭ সাল থেকে দেশের শিশুদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে আসছে। বিশেষ করে এই চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে হাজারো প্রতিবন্ধী শিশুকে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে আধুনিক চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করা হচ্ছে। বিশ্ব শিশু দিবসের এই মাহেন্দ্রক্ষণে আসুন, আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন, ভালোবাসাপূর্ণ ও প্রতিবন্ধীবান্ধব বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। যেখানে প্রতিটি শিশুই পাবে তার প্রাপ্য অধিকার, নিরাপত্তা ও সম্মানের জীবন। সমাবেশে উপস্থিত ছিলেন বাশিকপ সহ-সভাপতি মসয়ুদ মান্নান, বাশিকপ যুগ্ম-সম্পাদক নাসের ইকবাল যাদু, কার্যনির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম মমতাজুল করিম, নাসীমুল বারি, মেহেরুন নেসা, আশিকুর রহমান চৌধুরী ভুলু, আতিকুর রহমান উজ্জ্বল, বাশিকপ কাউন্সিলর ড. নুজহাত আমিন মান্নান, মো. সেলিম, বাশিকপ পরিচালক ইয়াসমিন আরা ডলি, বাশিকপ ফিজিওথেরাপিস্ট ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
“আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ—আসুন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাসিমুখ বজায় রাখতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।”
